শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ

নির্বাচনের পর দেশে বিরোধী দল দমনে পুরোনো বলপ্রয়োগ ও নিপীড়নের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে বলে আশা করা হয়েছিল। তবে বাস্তবে নির্বাচিত সরকারও সেই একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।রোববার (২ আগস্ট) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।হাসনাত আবদুল্লাহ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক বিরোধিতা স্বাভাবিক বিষয়। বিরোধী দলের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। রাজনৈতিক মতভেদ থাকলেও তা দমন-পীড়নের মাধ্যমে মোকাবিলা করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে পুলিশি বাধা দেওয়া হয়েছে। এছাড়া একাধিকবার দলের নেতাকর্মীদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনা রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বিএনপির জন্য রাজনৈতিকভাবে নেতিবাচক বার্তা বহন করবে।হাসনাত আবদুল্লাহ আরও বলেন, জনগণ একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল, যেখানে বিরোধী মতের প্রতি সহনশীলতা থাকবে এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সমান সুযোগ নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেও তিনি দাবি করেন।এ সময় দেবিদ্বার পৌরসভার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে আইন অনুযায়ী সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত পৌরকর আদায় করা যেতে পারে। তবে ইজারার শর্তের বাইরে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা সম্পূর্ণ বেআইনি।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেবিদ্বারে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। প্রশাসনের অনুমোদিত করহার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।স্থানীয় প্রশাসনের প্রতি নির্ধারিত নিয়ম অনুযায়ী পৌরকর আদায় নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও অনিয়ম বন্ধে কার্যকর নজরদারি জোরদারের আহ্বানও জানান হাসনাত আবদুল্লাহ।

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ
🔒