শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

জাতীয়

উন্মুক্ত হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ও নিবিড় তত্ত্বাবধানে মাত্র ২৫ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ করে কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। শুক্রবার ২৮ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ব্রিজটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। ১৪৫ মিটার দৈর্ঘ্য এবং ৪ দশমিক ২ মিটার প্রস্থ বিশিষ্ট এই গুরুত্বপূর্ণ ব্রিজটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকায় বসবাসকারী প্রায় ৫০ লাখ নাগরিক সরাসরি উপকৃত হবেন। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াতের কাজে এই ব্রিজটি ব্যবহার করেন। দ্রুততম সময়ে অত্যন্ত গুরুত্বের সাথে জরাজীর্ণ ব্রিজটি সংস্কার করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের যাতায়াতে দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি করপোরেশন বদ্ধপরিকর এবং নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করা তারই একটি প্রমাণ। তিনি বলেন, কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী এই ব্রিজটি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করার জন্য আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসক ঘোষণা দেন এখন থেকে ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ
🔒