শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

সারা বাংলা

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী শিশু ফারিয়া আক্তার হাবিবার মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সখিপুর থানার মাধু সরকারের কান্দি এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মানিক সরকারের বড় ব্রিজসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ফারিয়া আক্তার হাবিবা গোসাইরহাট উপজেলার বালুচর এলাকার কাশেম আখনের মেয়ে। সে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। গত মঙ্গলবার নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ফারিয়া আরও দুই শিশুর সঙ্গে স্থানীয় পদ্মার শাখা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তিন শিশু পানিতে ডুবে গেলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে ফারিয়াকে তখন খুঁজে পাওয়া যায়নি।খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি শুরু করে। পরে মাদারীপুর থেকে ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। তবে নদীতে তীব্র স্রোত, পানির গভীরতা এবং বালুবাহী নৌযান চলাচলের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিন হোসেন জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে আসছিলেন। পানির গভীরতা ও স্রোতের কারণে উদ্ধারকাজে কিছুটা সময় লাগে। দীর্ঘ সময় তল্লাশির পর শুক্রবার বিকেলে ফারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, ‘শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। পরে শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’স্থানীয় ইউপি সদস্য বাচ্চু সরকার বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে ফারিয়া নিখোঁজ হয়। এরপর থেকেই স্থানীয়রা উদ্ধার অভিযানে সহযোগিতা করেছেন। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।ফারিয়ার বাবা কাশেম আখন বলেন, ‘আমার মেয়েকে আমাদের বাড়ি বালুচরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।’দুই দিন পর ফারিয়ার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে স্থানীয় পরিবেশ।

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার
🔒