শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

ইসলামিকভাবে নিজেকে গড়তে রাজনীতি ছাড়লেন আ. লীগ নেতা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিজেকে ইসলামিকভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।বুধবার (১২ আগস্ট) সকালে তাকে গাজীপুর আদালতে হাজির করা হয়। পরে বিকেলে আদালতের গারদখানা থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে ওঠার আগে উপস্থিত পুলিশ ও সাধারণ মানুষের সামনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তার হাতকড়া পরানো ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা মামুন মন্ডলকে গারদখানা থেকে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাচ্ছেন। একপর্যায়ে তিনি দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আমি দেশবাসীর সকলের কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই দোয়া রাখবেন আমার জন্য।’আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে ২০২৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রূপায়ণ সিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।উল্লেখ্য, ২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পান মামুন মন্ডল। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পরপর দুইবার নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ডের শুরু। পরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে কাউন্সিলর নির্বাচিত হন।২০২২ সালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের তালিকায়ও তার নাম আলোচনায় আসে। পরবর্তীতে ২০২৪ সালের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হওয়ার মধ্য দিয়ে মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তার অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।তবে কারাগার থেকে আদালতে হাজির হওয়ার দিনই আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়ে আর রাজনীতি না করার কথা জানালেন তিনি।

ইসলামিকভাবে নিজেকে গড়তে রাজনীতি ছাড়লেন আ. লীগ নেতা
🔒