বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মাসুদ রানা

মাসুদ রানা

উপজেলা প্রতিনিধিঃ সাভার

যোগদান: 2 সেপ্টেম্বর, 2026

সাভারে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট মজুদ

ঢাকার সাভারে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। প্রতিদিন জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ও দুর্বলতাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন অসংখ্য রোগী। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মধ্যে গড়ে প্রতিদিন ৫ থেকে ৭ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে বহির্বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে। রোগীদের প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পাশাপাশি শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে রোগীর শারীরিক অবস্থা ও উপসর্গের মাত্রা বিবেচনা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর বা পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে এমন রোগীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফজলে বারী জানান, ডেঙ্গু রোগীর চাপ থাকলেও চিকিৎসাসেবায় কোনো সংকট নেই। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন এবং ডেঙ্গু পরীক্ষার কিট মজুদ রয়েছে। ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীদের গুরুত্বের সঙ্গে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি নিয়মিত শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। ডেঙ্গু শনাক্ত হলে রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।এদিকে স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলে সাধারণত শুরুতে জ্বর, মাথাব্যথা, শরীর ও মাংসপেশিতে ব্যথা, দুর্বলতা, বমি বমি ভাবসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় সাধারণ জ্বরের সঙ্গে ডেঙ্গুর উপসর্গের মিল থাকায় রোগীরা শুরুতে বিষয়টি গুরুত্ব না দেওয়ায় পরবর্তীতে জটিলতা তৈরি হতে পারে।তাই জ্বর হলে নিজের ইচ্ছেমতো ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বিশেষ করে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তরল খাবার গ্রহণ এবং শরীরের অবস্থা পর্যবেক্ষণে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। জমে থাকা পানি নিয়মিত অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে সেগুলো পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকটাই কমানো সম্ভব।সাভারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাভারে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট মজুদ
অ্যাপ ডাউনলোড করুন