হামিম গ্রুপের প্রায় তিন কোটি টাকা মূল্যের চুরি হওয়া কেমিক্যাল মাত্র ৬৫ লাখ টাকায় কিনে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এ ঘটনায় টঙ্গীর কেমিক্যাল চোরাই চক্রের মূলহোতা বাসু ও তার সহযোগীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, হামিম গ্রুপের কয়েকজন অসৎ কর্মচারীর সাথে যোগসাজশ করে পৌনে তিন কোটি টাকা সমমূল্যের বিপুল পরিমাণ কেমিক্যাল নামমাত্র মূল্যে হাতিয়ে নেয় টঙ্গীর বাসু চক্র। উল্লেখ্য, এর আগে 'এখন টিভি'র রিপোর্টার ইফতেখার রায়হান চোরাই কেমিক্যাল সিন্ডিকেট নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেই প্রতিবেদনেও চুরির মূলহোতা হিসেবে বাসুর নাম উঠে এসেছিল। তৎকালীন সময়ে প্রায় কোটি টাকা মূল্যের চোরাই কেমিক্যালগুলো রাখা হয়েছিল নূরুল ইসলাম সরকারের পতিত ‘হিরন টকিজ’ সিনেমা হলের ভেতরে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাসু টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল সাথীর চাচাতো বোনের জামাই এবং নূরুল ইসলাম সরকারের ছেলে রনি সরকারের অনুসারী হিসেবে পরিচিত। গত ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা দেখাতে পোস্টার-ফেস্টুন টাঙিয়ে রাতারাতি ‘হাইব্রিড’ কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্বেচ্ছাসেবক দল নেতার স্বজন ও প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এত বড় চুরির ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হলেও অধরাই রয়ে গেছে অভিযুক্তরা। মামলা হওয়ার পরও চোরাই কেমিক্যাল কেনাবেচা সিন্ডিকেটের হোতা বাসু, তার সহযোগী মকছুসহ অন্যান্য সদস্যরা টঙ্গী এলাকায় বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ ও স্থানীয় সচেতন মহল দ্রুত আসামিদের গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।