পটুয়াখালীর কলাপাড়ায় জমি দখল, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফিসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন—কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান এবং বড় ভাই মো: মামুন। আদালত মামলাটি গ্রহণ করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই সকালে আসামিরা ভেকু মেশিন ও নির্মাণসামগ্রী নিয়ে বিদ্যালয়ের দাবি করা জমিতে প্রবেশ করে জোরপূর্বক মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। শিক্ষকেরা বাধা দিলে আসামিরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাদীর। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন নুরুজ্জামান কাফি। তিনি বলেন, আমি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। চাঁদা দাবি বা হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা; বাদীর সাথে আমার কখনো সামনাসামনি কথাও হয়নি। জমি সংক্রান্ত বিষয়ে কাফি জানান, তিনি যাদের কাছ থেকে জমি কিনেছেন, তারা উচ্চ আদালতসহ তিনটি আদালতে রায় পেয়েছেন। বিক্রেতাদের উপস্থিতিতেই তিনি চলাচলের রাস্তা নির্মাণ করেছেন। পরিবারের সদস্যদের আসামি করা প্রসঙ্গে তিনি বলেন, জমিটি এককভাবে আমার নামে। আমার বাবা বা ভাইয়ের এর সাথে কোনো সম্পৃক্ততা নেই, তাও তাদের অযৌক্তিকভাবে আসামি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া জানান, ওসির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।