কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তারকাদের ছবি ও ভিডিও বিকৃত করার ঘটনা বেড়েই চলেছে। এই প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি প্রশ্ন তুলেছেন, অন্যকে হেয় করে উপার্জনের এই সংস্কৃতি আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে।
মেহজাবীন বলেন, এআই ব্যবহার করে কারো নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা কোনো বিনোদন নয়, বরং এটি একটি অপরাধ। কিন্তু যখন হাজার হাজার মানুষ সেই কনটেন্ট শেয়ার করে, তখন এটি একটি সামাজিক সমস্যায় রূপ নেয়। তিনি প্রশ্ন করেন, সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?
এই অভিনেত্রী আরও উল্লেখ করেন যে, কিছু ভিউ, লাইক বা ডলার আয়ের নেশায় মানুষের অসম্মান এখন উপার্জনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমি বুঝি মানুষের জীবনে সংগ্রাম আছে এবং কনটেন্ট তৈরি অনেকের জীবিকা। কিন্তু কবে থেকে অন্য মানুষের অপমান আমাদের উপার্জনের পথ হলো?
মেহজাবীনের মতে, এই ভিউ বাণিজ্যের প্রতিযোগিতা এখন লিঙ্গের সীমারেখাও ছাড়িয়ে গেছে। এখন নারী বা পুরুষ যে কেউ যেমন এই বিকৃত কনটেন্টের শিকার হতে পারেন, তেমনি যে কেউ এটি ছড়িয়ে দেওয়ার অপরাধে অংশ নিতে পারেন। তিনি সবাইকে নিজের বিবেক নিয়ে ভেবে দেখার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে হলিউডে ধর্মঘটের ডাক দিয়েছিল রাইটার্স গিল্ড। বর্তমানে ভারত ও বাংলাদেশেও জনপ্রিয় অভিনেত্রীদের ডিপফেক ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।