জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের আটটি লাগেজ খোয়া গেছে। লাগেজগুলোতে খেলোয়াড়দের পাসপোর্ট, মূল্যবান আইফোন, মার্কিন ডলার, নগদ টাকা ও ক্রীড়াসামগ্রী ছিল। এ ঘটনায় ক্রিকেটার এসএম মেহেরাব হোসেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
খোয়া যাওয়া লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে এবং বুধবার সন্ধ্যা পর্যন্ত লাগেজগুলোর সন্ধান পাওয়া যায়নি। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি নাটোর অথবা রাজশাহী জেলার মহাসড়ক এলাকার মধ্যে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাতে বিসিবির একটি কাভার্ডভ্যানে খেলোয়াড়দের ৫৪টি লাগেজ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হন চালক সজীব হোসেন। বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে।
চালক সজীব হোসেন পুলিশকে জানান, রাতে হাটিকুমরুল-বনপাড়া বাইপাসের একটি হোটেলে খাবার খেয়েছিলেন এবং ভোরে পুঠিয়ার একটি ফিলিং স্টেশনে গাড়ির পেছনের পাল্লা খোলা দেখতে পান। আগামী ১৮ অক্টোবর ম্যাচ থাকায় গুরুত্বপূর্ণ সামগ্রী হারিয়ে ক্রিকেটাররা বিপাকে পড়েছেন এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।