ঢাকার সাভারে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে শারীরিক-মানসিক নির্যাতন, পরকীয়া এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন বিথি আক্তার নামে এক নারী। নিজের ও দুই সন্তানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অভিযুক্ত স্বামীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাভার থানা রোড এলাকার লন্ডনাস’ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে বিথি আক্তার জানান, প্রায় ৯ বছর আগে ভিষান তালুকদারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এছাড়া স্বামী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত—ইমো ও মেসেঞ্জারে যোগাযোগের এমন বিষয়ের প্রতিবাদ করলেই মারধর করা হতো। একাধিকবার তাকে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন নির্যাতন সহ্য করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রায় ৬ মাস আগে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন। সংবাদ সম্মেলনে বিথি অভিযোগ করে বলেন, বাবার বাড়িতে চলে যাওয়ার পরও হয়রানি থামেনি। তাকে মানসিক চাপে রাখতে এবং ক্ষতিসাধনের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের আদালতে চুরির অভিযোগে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে। পাশাপাশি বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। বক্তব্যের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে বিথি আক্তার বলেন, আমি ও আমার দুই সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।