দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ১২ দিনে মারা গেছে ৭১ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৫৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৬৫ জন এবং এ পর্যন্ত মোট ৯৭ হাজার ২৯۶ জন বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৩১৮ জন, খুলনায় ২৩০ জন, বরিশালে ১৯৬ জন, রাজশাহীতে ১৮৪ জন, ময়মনসিংহে ৯৭ জন এবং রংপুরে ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।