সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার ১৩ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
বৈঠককালে প্রতিমন্ত্রী রিয়াদে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে হামлада প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে যেকোনো আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সংলাপের ওপর জোর দেন তিনি।
হামলায় আহত অন্যান্য বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও যথাযথ চিকিৎসা সেবা প্রদান করায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এছাড়া, হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে সার্বিক সহযোগিতা চান তিনি।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় আরও অন্তত ২৭ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।