গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ পিস ইয়াবা সহ হাফিজুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।১৩ অক্টোবর-২০২৬ ইং সকালে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার ১২ অক্টোবর মাওলানা ভাসানী সেতুর উত্তরে মডেল ব্রিজ এলাকা থেকে হাফিজার রহমানকে গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার হাফিজুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী থানার শরীফের হাট ব্যাপারীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলা পুলিশ সুপার জনাব মোঃ জসীম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিল। এ সময় হাফিজুর রহমানকে গ্রেফতার ও তাঁর কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মাদক ও মাদক কারবারির বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন,মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।