পূর্বাচলে প্লট দুর্নীতির একটি মামলায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের দুই ছেলেসহ আটজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার নবম বিশেষ জজ আব্দুস সালাম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। দণ্ডিতদের মধ্যে রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীও রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, রাজউকের সাবেক কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলকে পূর্বাচলে ১০ কাঠার একটি করে প্লট বরাদ্দ দেন। দুদকের তৎকালীন উপপরিচালক সিলভিয়া ফেরদৌস ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন জানান, অপরাধমূলক অসদাচরণের দায়ে ৮ আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের দায়েও তাদের সমপরিমাণ সাজা দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একসঙ্গে চলায় তাদের সাত বছর করেই কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু জানান, আসামিরা জামিনে থাকলেও রায়ের দিন আদালতে হাজির হননি। এজন্য আদালত তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিচার চলাকালে আদালত এই মামলায় মোট ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও আসামিদের আত্মপক্ষ শুনানি শেষে রায় প্রদান করেন।