ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ (বাসস) : সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুদক জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের অনুসন্ধানে সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
তাদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের পদ্ধতি এবং প্রকৃত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ উদঘাটনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে অনুসন্ধান টিম।