দেশে বর্তমানে তিন হাজারের বেশি রিক্রুটিং এজেন্সি থাকলেও কর্মদক্ষতার ভিত্তিতে গ্রেডিং করা হলে বড়জোর ৫০০টি টিকতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)-এর ৩০ বছর উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের ব্যাপক অবদান থাকা সত্ত্বেও রাষ্ট্র হিসেবে তাদের কাঙ্ক্ষিত সুবিধা দেওয়া সম্ভব হয়নি এবং খাতটিকেও এখনো পুরোপুরি সুশৃঙ্খল করা যায়নি। অনলাইন প্রক্রিয়া থাকা সত্ত্বেও অনেক এজেন্সি নানান অনিয়মে যুক্ত থাকে। তাদের লক করা হলেও তারা আদালতের মাধ্যমে কিংবা প্রভাব খাটিয়ে পুনরায় কার্যক্রম শুরু করে ধারাবাহিক প্রতারণা চালিয়ে যায়।
তিনি বলেন, পারফরম্যান্সের ভিত্তিতে গ্রেডিং করা হলে তিন হাজারের মধ্যে ৩০০, ৪০০ কিংবা বড়জোর ৫০০ এজেন্সি টিকে থাকবে। এই এজেন্সিগুলোকে নির্দিষ্ট ক্যাটাগরি ও শৃঙ্খলার মধ্যে আনা না গেলে বিদ্যমান সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা কঠিন হবে। তাই তাদের একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার জোর চেষ্টা চলছে।
আধুনিক শ্রমবাজার ও প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে কর্মীদের উপযুক্তভাবে প্রস্তুত করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে না পারলে প্রবাসীরা আন্তর্জাতিক বাজারে টিকতে পারবে না। এ ছাড়া অভিবাসীদের কল্যাণে জর্ডান, দক্ষিণ কোরিয়া ও মধ্যপ্রাচ্যসহ চার-পাঁচটি দেশে প্রবাসী কার্ড চালুর ট্রায়াল চলছে বলেও জানান তিনি।