বিশ্ব বাত দিবস উপলক্ষ্যে শিশুদের বাত ও জয়েন্টের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো রোগ শনাক্তকরণের লক্ষ্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারের দ্বিতীয় তলায় এ বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিশু-কিশোরদের নিয়ে সচেতনতামূলক আলোচনা, প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ডা. ইমনুল ইসলাম ইমন, ডা. মৌসুমী আহমেদ মৌরী, ডা. ইসমাত জাহান ফেরদৌসী এবং ডা. রেজওয়ানা রহমান। তারা শিশুদের দীর্ঘদিনের জয়েন্টে ব্যথা, ফোলা, সকালে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, হাঁটাচলায় অসুবিধা এবং অন্যান্য সংশ্লিষ্ট উপসর্গ সম্পর্কে অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী অধিকাংশ রোগী ও অভিভাবক এই আয়োজনের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং আন্তরিক সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি আলোকের অন্যান্য স্বাস্থ্যসেবার মান নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
আলোক কর্তৃপক্ষ জানায়, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শিশু ও পরিবারের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলোকের কার্যক্রম অব্যাহত থাকবে।