সংগীতশিল্পী রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার ১২ অক্টোবর দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৮ বছর। রুশনাফ ওয়াদুদের দীর্ঘদিনের বন্ধু, সংগীতশিল্পী আনান সিদ্দিকা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন রুশনাফ। আজ রাজধানীর বনানীর বাসায় মারা যান তিনি। আনান সিদ্দিকা জানান, সর্বশেষ যেদিন কথা হয়েছিল তখন ও বলেছিল, আমি হয়তো বেশি দিন থাকব না। এক দশকের বেশি সময় ধরে নানা রোগে ভুগছিল ও এবং শ্বাসকষ্ট ছিল। শারীরিক কষ্টের মধ্যেও গাইতে ভালোবাসত এবং টুক টুক করে গান গাইত। ও খুব লক্ষ্মী ছেলে ছিল, দুনিয়াতে আসলে ভালো মানুষ থাকে না। রুশনাফ ওয়াদুদ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিত ছিলেন। গান গাওয়ার পাশাপাশি গীতিকার হিসেবেও প্রশংসা পেয়েছেন। পরবর্তীতে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন। এই ব্যান্ডের এই বিকেলে ও ও মৌসুমী গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লাইফ ইন আদার ওয়ার্ডস–এ নগণ্য মানুষ শিরোনামে গান গেয়েছেন রুশনাফ। গানের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রুশনাফ। অ্যান্থলজি চলচ্চিত্র ইতি, তোমারই ঢাকা সিনেমায় অভিনয় করেন রুশনাফ। এটি ২০১৯ সালে মুক্তি পায়।