পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি প্রক্রিয়া আরো কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নীতিমালা সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে। জনমত গ্রহণের জন্য আগামী দু’এক দিনের মধ্যেই এই খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।
সোমবার ডিএসই মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও গভীরতা বাড়াতে আইপিও নীতিমালা সংস্কারসহ ডাইরেক্ট লিস্টিং বিধিমালা প্রণয়ন এবং নতুন বিনিয়োগপণ্য চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান। বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কোম্পানির আর্থিক তথ্য যাচাই ও মৌলভিত্তি বিশ্লেষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে বলেন।
তিনি উল্লেখ করেন, অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতি কিংবা যাচাইহীন তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকতে হবে এবং আইপিও নীতিমালা সংস্কারের মাধ্যমে দেশের পুঁজিবাজারকে আরো টেকসই করা সম্ভব।