রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর কাজের প্রলোভন দেখিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসআরবি জানায়, গত ৩ অক্টোবর রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকার একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে ২৪ বছর বয়সী এক তরুণীকে ডেকে নেওয়া হয়। সেখানে দুই তরুণ তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় রনি শেখ (২৯) ও মো. রাসেল ওরফে নাগ রাসেলকে যথাক্রমে এক ও দুই নম্বর এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রবিবার রাতে বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে নাগ রাসেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্য পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।