বাংলাদেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো টুরিজম প্রকল্প ‘সুখের খামার এগ্রো ভিলেজ, বগুড়া’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বগুড়ার কাহালু উপজেলার বাগইল গ্রামের বাঁকাদিঘীর পাড় এলাকায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা: মনিয়া খানম, থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা: মো: আব্দুল মালেক এবং কৃষি অফিসার মোছা: জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও অনুষ্ঠানে সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো: তাসদীখ হাবীব এবং ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলাম উপস্থিত ছিলেন। প্রকল্পটির মাটি ভরাট ও সড়ক নির্মাণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চলতি অক্টোবর মাস থেকে পুরোদমে নির্মাণকাজ শুরু হচ্ছে।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান IMARC Group-এর হিসাবে বৈশ্বিক এগ্রো টুরিজম বাজারের আকার ২০২৫ সালে ছিল ৮১ বিলিয়ন ডলারের বেশি। সুখের খামার এগ্রো ভিলেজ ইতোমধ্যে বাগইল গ্রামে ৪১ জনের সরাসরি কর্মসংস্থান তৈরি করেছে এবং ২০ জন নারী উদ্যোক্তাকে স্বাবলম্বী করেছে।