বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের ৮৪তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার রাত থেকেই মুম্বাইয়ে তাঁর বাসভবন ‘জলসা’র সামনে শত শত ভক্ত জড়ো হন। প্রিয় তারকাকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুরাগীরা সেখানে উপস্থিত হন।
রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাড়ির বাইরে আসেন অমিতাভ। একটি উঁচু মঞ্চে উঠে হাসিমুখে হাতজোড় করে তিনি ভক্তদের অভিবাদন জানান। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিনেতা লিখেছেন, “সকাল হয়েছে, আর আমরা আপনাদের সঙ্গে বসে আছি!”
উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, গুজরাটসহ বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা ব্যানার, পোস্টার ও মিষ্টি নিয়ে আসেন। কেউ কেউ অমিতাভের জনপ্রিয় গানের তালে নেচে ওঠেন। ‘শোলে’ সিনেমার পোশাকে এক ভক্তকে ‘ডন’ চলচ্চিত্রের গানে নাচতে ও গাইতেও দেখা যায়।
অভিনেতার জন্মদিন উপলক্ষে প্রযোজক আনন্দ পণ্ডিত লোটাস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে ১ হাজার যোগ্য শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। অমিতাভের কাজের প্রতি নিষ্ঠা ও প্রতিকূলতা জয়ের মানসিকতা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন এবং প্রেক্ষাগৃহে অভিনেতার শুভেচ্ছাবার্তা দেখানোর ব্যবস্থাও করা হয়েছে। এর আগেও অমিতাভের জন্মদিনে আনন্দ পণ্ডিত ৮ হাজার শিশুর খাবার, ৮০০টি শ্রবণযন্ত্র বিতরণ এবং ‘অমিতাভ বচ্চন গ্রোভ’ নামে ৮ হাজার ১০০টির বেশি গাছ উৎসর্গ করেছিলেন।
এদিকে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন চিরঞ্জীবী, প্রভাস, সুনীল শেঠি, কমল হাসান ও সঞ্জয় দত্তের মতো চলচ্চিত্র তারকারা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এই বর্ষীয়ান অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।