আগামী ২৬শে অক্টোবর চারদিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আসন্ন সফর ঘিরে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফরটি সফল ও স্মরণীয় করে তুলতে বাংলাদেশ দূতাবাস, জাপান বিএনপি এবং প্রবাসী ব্যবসায়ী সমাজ জোর প্রস্তুতি নিচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কূটনৈতিক প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। এর পাশাপাশি জাপান বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও সমন্বয় বৈঠক চলছে। দলীয় বিভক্তি সত্ত্বেও নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে দলীয় প্রধানের সফর সফল করতে তৎপর রয়েছেন।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত ৯ই অক্টোবর ব্যবসায়ীদের এক প্রস্তুতি সভা হয়। সেখানে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান জাপান বিএনপি সভাপতি মীর রেজাউল করীম রেজা।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠক ছাড়াও দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে এবং প্রবাসীদের সমস্যা সমাধানের পথ প্রসারিত হবে।