ঘরে কিংবা সুবিধাজনক যেকোনো স্থানে বসে মাত্র ৩০ সেকেন্ডেই ইসিজি করার প্রযুক্তি এনেছে টেটন প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির তৈরি ‘মাই ইসিজি এআই প্রো’ নামের সহজে বহনযোগ্য এই ১২-লিড ইসিজি যন্ত্রের সাহায্যে তাৎক্ষণিকভাবে ডিজিটাল পিডিএফ প্রতিবেদন তৈরি করা সম্ভব।
টেটন প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মিজান রহমান বলেন, টেটন প্রযুক্তিকে শুধু একটি পণ্য হিসেবে নয়, মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যার সমাধান হিসেবে কাজে লাগাতে চায়। নতুন এই যন্ত্রে ইসিজি ধারণের পর ব্যবহারকারী চাইলে তা প্রয়োজনে চিকিৎসকের কাছে পাঠাতে পারবেন।
এই প্রযুক্তির ফলে পরীক্ষার জন্য বারবার হাসপাতালে বা ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার প্রয়োজনীয়তা কিছুটা কমবে। প্রয়োজনের সময় হৃদযন্ত্রের গতি বা স্পন্দন রেকর্ড করে দ্রুত পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি হলেও প্রতিবেদনের মূল্যায়ন ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য প্রযুক্তিকে সহজে ব্যবহারযোগ্য ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসাই তাদের প্রধান লক্ষ্য। এই নতুন ব্যবস্থার মাধ্যমে রোগী ও চিকিৎসকের মধ্যে জরুরি স্বাস্থ্য তথ্য বিনিময় আরও সহজ হবে।