সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। শুক্রবার (৯ অক্টোবর) জুমার খুতবায় তিনি আধুনিক প্রযুক্তির নৈতিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তি মানুষের জন্য নিয়ামত হলেও এর অনৈতিক ব্যবহার ব্যক্তি, সমাজ ও অর্থনীতির মারাত্মক ক্ষতি করতে পারে বলে তিনি সতর্ক করেন।
খুতবায় এআই ব্যবহার করে কারও কণ্ঠস্বর, ছবি কিংবা ভিডিও বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি ও প্রতারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে ভুয়া ভিডিও ও ডিপফেকের মাধ্যমে ভুল ধারণা ছড়িয়ে দেওয়াকে প্রযুক্তির অপব্যবহারের বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেন খতিব। তিনি বলেন, সংবাদ বা ব্যক্তিগত যোগাযোগে এআই ব্যবহারের সময় সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
পবিত্র কোরআনের নির্দেশনার আলোকে কোনো তথ্য বা সংবাদ ছড়িয়ে দেওয়ার আগে তা যাচাই করে নেওয়ার আহ্বান জানান শায়খ সুদাইস। তিনি উল্লেখ করেন, সত্যতা যাচাই ছাড়া কোনো কিছু শেয়ার করলে নিজের অজান্তেই সমাজে মিথ্যা ও বিভ্রান্তি ছড়াতে ভূমিকা রাখা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য প্রকাশের আগে তার উৎস ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা প্রয়োজন।
বর্তমান সময়ে সংবাদ মাধ্যম ও কর্মক্ষেত্রসহ নানা পরিসরে এআইয়ের নির্ভরতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির সুফল নেওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও সততা বজায় রাখা জরুরি। প্রযুক্তি যাতে প্রতারণা, অপতথ্য ও মানুষের ক্ষতির মাধ্যম না হয়ে ওঠে, সে জন্য ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা এবং দায়িত্বশীল চর্চা বাড়ানোর তাগিদ দেন মসজিদুল হারামের খতিব।