চিড়া ও মুগ ডাল দিয়ে তৈরি করা যায় একটি দারুণ সুস্বাদু ক্ষীর। গুড়ের মিষ্টতা, ভাজা বাদাম ও কিশমিশের স্বাদে এটি মিষ্টিমুখের দারুণ আয়োজন। এই পদ তৈري করতে লাগবে ঘি ২ টেবিল চামচ, কুচোনো নারকেল ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, কাজু ২ টেবিল চামচ, মোটা চিড়া ১ কাপ, মুগ ডাল আধা কাপ, দুধ ১ লিটার, গুড় গুঁড়ো ১ কাপ এবং এলাচ গুঁড়ো আধা চা চামচ।
প্রথমে কড়াইয়ে ঘি গরম করে নারকেল কুচি, কিশমিশ ও কাজু হালকা সোনালি করে ভাজুন। একই কড়াইয়ে মোটা চিড়া কম আঁচে মচমচে ও সুগন্ধি করে ভেজে রাখুন। মুগ ডাল ৩০ মিনিট ভিজিয়ে রেখে এক চা চামচ ঘিতে হালকা ভেজে নিন। সুন্দর গন্ধ বের হলে দুধ ঢেলে কম আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন।
ডাল সেদ্ধ হলে ভাজা চিড়া দিয়ে আরও ৫ মিনিট রান্না করতে হবে। চিড়া নরম ও ক্ষীর ঘন হলে চুলা বন্ধ করে দিন। এবার গুড় গুঁড়ো, এলাচ গুঁড়ো এবং ভেজে রাখা নারকেল, কিশমিশ ও কাজু মিশিয়ে নিন। গুড় দেওয়ার পর চুলায় বসাবেন না, এতে দুধ কেটে যেতে পারে।
এই ক্ষীর গরম বা ঠান্ডা দুইভাবেই পরিবেশন করা যায়। মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে দ্রুত সেদ্ধ হয়। চিড়া ভাজার সময় আঁচ কম রাখতে হবে যাতে পুড়ে না যায়। ক্ষীর তৈরিতে মোটা চিড়া ব্যবহার করলে স্বাদ ও গঠন ভালো হয়।