ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শুক্রবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ফেলে দুই ব্যক্তি পালিয়ে গেছেন। মৃত ওই ব্যক্তির তাৎক্ষণিক নাম-পরিচয় জানা না গেলেও তার বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে এবং তার পরনে ছিলো জিন্স প্যান্ট ও আকাশি রঙের শার্ট।
হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগের ট্রলিম্যান মো. পারভেজ মোশারফের কাছে দুই ব্যক্তি ওই ব্যক্তিকে নিয়ে যান এবং টিকিট আনার কথা বলে কৌশলে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে ওই যুবককে চিকিৎসকের কাছে নেওয়া হলে বিকাল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের পকেটের মানিব্যাগ, ভিজিটিং কার্ড ও চশমার দোকানের রিসিভ দেখে ছবি পাঠিয়ে ফেসবুকে তার স্বজনদের সন্ধান পাওয়া যায়।
মুঠোফোনে নিহতের ছেলে তামিম জানান, তার বাবার নাম সবুজ মল্লিক (৫০) এবং গ্রামের বাড়ি জামালপুর সদরে। তিনি ধামরাই এলাকায় একটি সিরামিক কোম্পানিতে ম্যানেজারের দায়িত্বে থেকে সেখানেই বসবাস করতেন, তবে আজকের ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না।