উচ্চ কমিশন ও অতিরিক্ত চার্জের প্রতিবাদে চট্টগ্রামে ৬ অক্টোবর থেকে ফুডপ্যান্ডার সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। কমিশন ও চার্জ কমানোর দাবিতে সংগঠনের পক্ষ থেকে লিখিত আবেদন দেওয়া হয়েছে এবং ১৫ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে ডেলিভারিতে দেরি, ভুল অর্ডার এবং রিফান্ড পেতে জটিলতার কারণে সাধারণ গ্রাহকদের মধ্যেও অসন্তোষ দিন দিন বাড়ছে।
গ্রাহক ও রেস্তোরাঁ মালিকদের পাশাপাশি রাইডারদের পারিশ্রমিক ও কাজের পরিবেশ নিয়েও তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। দীর্ঘ সময় কাজ করার পর জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাদ দিয়ে তাদের হাতে খুব সামান্য টাকাই থাকে এবং কোনো যাচাই-বাছাই ছাড়াই তাদের বিরুদ্ধে একতরফা পেনাল্টি ও অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় চিকিৎসার খরচ নিজেদের বহন করতে হয় এবং পেশাগত কোনো সুরক্ষাও নেই বলে অভিযোগ করেছেন রাইডাররা।
ব্যবসায়িক ও সেবামূলক এসব অভিযোগের পাশাপাশি প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনি জটিলতা তৈরি হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আমবারীন রেজাসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে ডেলিমেরি হিরো স্টোরস জানিয়েছে যে বিরোধটি ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যেই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।