প্যারিসে বিজনেস অব ফ্যাশন গালায় ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। বাংলার মসলিনে তৈরি বিশেষ শাড়ি আর নজরকাড়া অলংকৃত হাতার সাজে গালার আসরে উপস্থিত হন তিনি। জাহ্নবীর এই বিশেষ সাজের দায়িত্বে ছিলেন রিয়া কাপুর এবং পোশাকটি তৈরি করেছে পঙ্কজ এস হেরিটেজ।
জাহ্নবীর পরনে থাকা ঐতিহ্যবাহী শাড়ির আধুনিক রূপে কোমরের কাছে রাখা হয়েছিল আড়াআড়ি ভাঁজের বিশেষ নকশা ও কাঠামোবদ্ধ লিনেনের কুচি। শাড়ির আঁচল শরীরের ওপর দিয়ে জড়িয়ে কবজির চারপাশে পেঁচিয়ে দেওয়া হয়েছিল এবং তা কুচির পাশ দিয়ে নিচের দিকে নেমে আসে। ফলে পুরো সাজে তৈরি হয়েছিল একদিকে ঐতিহ্যের আবহ, অন্যদিকে আধুনিক নকশার ছাপ।
জাহ্নবীর সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ব্লাউজের হাতাজুড়ে থাকা একাধিক সোনালি বৃত্তাকার অলংকরণ ও হালকা গোলাপি রঙের ঝালর। রিয়ার বিবরণ অনুযায়ী, হাতার অলংকরণে ব্যবহার করা হয়েছিল পোলকি, গারনেট ও পান্না, যার সঙ্গে ছিল সরাফা ঝালর, কিরণ ও রেশমের কাজ।
পোশাকের কাপড়ে ৪৬০ কাউন্টের বেঙ্গল মসলিন ব্যবহার করা হয়েছে, যা ‘খুদ-রং’, ‘বাফত-ই-হাওয়া’, ‘শবনমি’ বা ‘চাঁদনি’ নামে পরিচিত। পুরো মসলিন খাদি ভারতে বোনা হয়েছে এবং জাঁকজমক বজায় রাখতে জাহ্নবী কানে শুধু সোনালি রঙের ছোট স্টাড দুল পরেছিলেন।