আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথ থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই দিন থেকে গ্রাহকদের পূর্ণমাত্রায় কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকের সব ডিজিটাল সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক গভর্নরের সাথে সাক্ষাৎ করলে এই নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ সময় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সার্বিক পরিস্থিতি তুলে ধরে জানান যে, কেন্দ্রীয় ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে।
ব্যাংকটির চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে, দক্ষতা ও কার্যক্ষমতা বাড়ানোর জন্য ব্যাংকটির পরিচালন পরিকাঠামোয় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ড. মো: কবির আহমেদ, মো: সারোয়ার হোসেন ও মো: আনিসুর রহমান উপস্থিত ছিলেন। বাসসের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।