দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার ডলারের দর কিছুটা কমায় প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১৪১ দশমিক ০৯ ডলারে উঠেছে। এর আগে, বুধবার স্বর্ণের দাম ৫ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল এবং শক্তিশালী ডলার তখন বাজারে চাপ তৈরি করেছিল।
ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৬৫ দশমিক ১০ ডলারে উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, ডলারের দর কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের কাছে স্বর্ণের দাম তুলনামূলকভাবে কমে গেছে। এতে বাজারে স্বর্ণের চাহিদা বাড়ার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিনিয়োগ প্রতিষ্ঠান পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেছেন, স্বল্পমেয়াদে স্বর্ণে বিনিয়োগের সম্ভাবনা এখনো কিছুটা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২৭৫ ডলারের ওপরে উঠতে পারলে বাজারে আরো দাম বাড়ার বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদি বন্ডের সুদের হারের সাথে স্বর্ণের দামের সম্পর্ক বদলে যাওয়ার সুযোগ রয়েছে বলেও মত দেন তিনি।
এদিকে বিশ্ব অর্থনীতির ওপর নানা ধরনের চাপ তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, দীর্ঘদিনের জ্বালানির উচ্চমূল্য, সরকারের রেকর্ড পরিমাণ ঋণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ঝুঁকি বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি। এই পরিস্থিতি মোকাবিলায় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সরকারগুলোকে আর্থিক ও মুদ্রানীতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন তিনি।