নব্বই দশকের শেষে শুরু হওয়া কারগিল যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন অভিনেতা নানা পাটেকর। ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে যোগদান করেন তিনি। দ্রাস, কুপওয়ارا, বারামুল্লা, সোপোর ও মুঘলপুরার মতো সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করেন নানা পাটেকর।
নিয়ন্ত্রণ রেখায় টহল দেওয়া থেকে শুরু করে সামরিক হাসপাতালে সহায়তা করার মতো দায়িত্বও পালন করেন এই অভিনেতা। যুদ্ধে অংশ নিয়ে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমি যখন শ্রীনগরে পৌঁছাই, তখন আমার ওজন ছিল ৭৬ কেজি এবং বাড়ি ফিরে দেখি ওজন ৫৬ কেজি হয়েছে। ৬২ বছর বয়সে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক সিনেমায় মেজর প্রতাপ চরিত্রে অভিনয় করেন নানা পাটেকর। সিনেমাটির কাজ শুরুর আগে সেনাবাহিনীর মারাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে তিন বছর কঠোর প্রশিক্ষণ নেন তিনি। কারগিল যুদ্ধ শুরু হলে প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্দেজের অনুমতি নিয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দেন।