আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সারাদেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা। মাঠপর্যায়ে আনসার-ভিডিপির সদস্যরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মন্দির কর্তৃপক্ষ ও প্রতিমা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করছেন।
বুধবার (৭ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আনসার বাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা এবং অগ্নিনিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সতর্কতা অবলম্বনের ওপর জোর দেওয়া হয়।
যেকonও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া পূজাকালীন দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিগুলোকে অনুরোধ করা হয়েছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং পূজামণ্ডপের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে আনসার বাহিনী। স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ পূজা নিশ্চিত করতে এই আগাম প্রস্তুতি অব্যাহত রয়েছে।