নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গত বুধবার ঢাকা মহানগরসহ দেশের ৪৭ জেলায় অধিদফতরের ৫৭টি দল একযোগে এই তদারকি কার্যক্রম চালায়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১১৬টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হয়। এছাড়া ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যাচাই করা হয়।
অভিযানের অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়া উপজেলার কইডাঙ্গা এলাকায় পামওয়েল ও ডিটারজেন্ট মিশিয়ে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় আবুল বাসারকে এক লাখ টাকা জরিমানা এবং ভেজাল দুধ তৈরির স্থানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
অধিদফতর জানায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তাদের গ্যাস সিলিন্ডারের ওজন ও মেয়াদ যাচাই করে কেনার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো অনিয়মের শিকার হলে হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজার শৃঙ্খলা বজায় রাখতে এই তদারকি অব্যাহত থাকবে।