শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না এমন মন্তব্য করা অডিওর কণ্ঠস্বর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলামেরই। আদালতের অনুমতি নিয়ে ভয়েস পরীক্ষার মাধ্যমে অডিওটির কণ্ঠ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তিনি কার সঙ্গে কথা বলেছেন এবং কেন বলেছেন, সে বিষয়ে সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয় বলে জানান এই ডিবি কর্মকর্তা।
এদিকে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবির ওয়ারী বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল্লা আল-মামুন, মো. সাজু ও মো. সজীব। ডিবির একটি দল মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। অভিযানে বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, সাবান, পাউডার ও ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করা হয়।
অভিযানে ওষুধ তৈরির কাজে ব্যবহৃত তিনটি সিলিন্ডার, মেশিন, ফুয়েল এবং প্যাকেজিংসামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে শিশুদের জন্য ব্যবহৃত কয়েকটি সিরাপ ও লিকুইড পণ্যও রয়েছে, যা শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ভেজাল ওষুধ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ভেজাল ওষুধের উৎস, প্রস্তুতকারক এবং সরবরাহকারীদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।