রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযান চলাকালে রাজধানীতে মোট ৫৮টি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের কাছ থেকে বিভিন্ন মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০০০ পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন ও ১৯ বোতল ফেন্সিডিল। এছাড়া দুটি রামদা, তিনটি চাকু, নগদ ১৬ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০১ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।