দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। সোমবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। এর আগে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এই তথ্য জানায় বাজুস।
বাজুস জানায়, সোমবার সকাল ৯টায় সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১.৬৬৪ গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা, যা আগে ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। স্বর্ণের দাম কমানো হলেও বাজারে রুপার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে।
বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা রয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।