দেশের চিকিৎসাব্যবস্থায় অক্সিজেনের সরবরাহ ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে চলতি অর্থবছরে অন্তত ২০টি জেলায় সমন্বিত চিকিৎসা অক্সিজেন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি কমিটি এ বিষয়ে কাজ করছে। তিনি নিজেই ওই কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ইতোমধ্যে কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অক্সিজেন ব্যবস্থাপনার সঙ্গে জরুরি রোগী পরিবহনব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশে এখনো যথাযথ জরুরি অ্যাম্বুলেন্স সেবা গড়ে ওঠেনি। তার দাবি, দেশের কোনো আইনে অ্যাম্বুলেন্সের সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকায় যে–কোনো যানবাহনকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি তিনি এমন একটি অ্যাম্বুলেন্স দেখেছেন যেটিতে গরু-ছাগল পরিবহন করা হচ্ছিল, যা থেকে উত্তরণে অ্যাম্বুলেন্স সেবার মান নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।
চিকিৎসা অক্সিজেনব্যবস্থা শক্তিশালী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানগুলোকেও যুক্ত করার ওপর জোর দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকারের মূল কাজ হবে এসব উদ্যোগকে সহায়তা ও সমন্বয় করা যাতে সীমিত সম্পদের মধ্যে একই ধরনের কাজের পুনরাবৃত্তি এড়িয়ে সবাই মিলে সমন্বিতভাবে এগিয়ে যাওয়া সম্ভব হয়।