চব্বিশের জুলাই আন্দোলনের সময় আদাবরে গার্মেন্টস কর্মী রুবেলকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক তার গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন। আদালত আবেদন মঞ্জুর করার পর তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করেছিল এবং বর্তমানে তিনি কারাগারে আছেন।
মামলার বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে আদাবরের রিংরোড এলাকায় ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে হামলা চালানো হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় একই বছরের ২২ আগস্ট নিহতের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় মামলাটি দায়ের করেন।