চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট থেকে কোতোয়ালি পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। একই সঙ্গে সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন সিডিএ ভবন ও বিপণিবিতান এলাকা হকারমুক্ত রাখার কঠোর ঘোষণা দিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) সকালে হকারদের নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেননি। পরবর্তীতে বিকেল ৪টা ১৫ মিনিটে চউক চেয়ারম্যানের নেতৃত্বে অভিযান শুরু হলে অনেকে তড়িঘড়ি করে মালামাল গুটিয়ে এলাকা ত্যাগ করেন।
অভিযান শেষে বিপণিবিতান বণিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন চউক চেয়ারম্যান। সেখানে ফুটপাত দখলের ফলে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা ও যানজটের বিষয়টি তুলে ধরা হয়। বৈঠক শেষে এলাকাটি পুনরায় পরিদর্শনকালে কয়েকজন হকারকে আবার দোকান বসানোর চেষ্টা করতে দেখে তাদের তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া হয়।
চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, জনগণের চলাচলের জায়গা দখল করে ব্যবসা করার সুযোগ নেই। তবে হকারদের পুনর্বাসনের বিষয়টি সিটি করপোরেশনের মেয়র এবং পুলিশের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, হকার নেতারা সোমবার থেকে এসব এলাকায় আর না বসার প্রতিশ্রুতি দিয়েছেন। নিয়ম না মেনে পুনরায় রাস্তা দখল করলে চউকের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে চউকের প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন ও সচিব নূর-ই-জান্নাত রুমিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।