আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য কাজী জাফরউল্লাহ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৬৬ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৩৫৭ টাকা এবং ১ লাখ ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, কাজী জাফরউল্লাহ, তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহ, দুই ছেলে কাজী ওমর জাফর ও কাজী রায়হান জাফর এবং মেয়ে কাজী আনুশকা মেহরিন জাফরের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অর্থ ও এফডিআরসহ অন্যান্য সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা যাচাইয়ে অনুসন্ধান চলছে। সংস্থাটির সহকারী পরিচালক মো. শহীদুর রহমান এ অনুসন্ধান পরিচালনা করছেন।
অনুসন্ধানে কাজী জাফরউল্লাহর নামে মেঘনা ব্যাংক পিএলসিতে ২৮ কোটি ৪৯ লাখ ১ হাজার ৭৩০ টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসিতে ১৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৭১৭ টাকা ও প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে ৭ কোটি ৫ লাখ ২৮ হাজার ৪০৫ টাকাসহ তিন ব্যাংকে মোট ৫৪ কোটি ১৮ লাখ ৮১ হাজার ৮৫২ টাকা পাওয়া গেছে। এছাড়া তার স্ত্রী নিলুফার জাফরউল্লাহর নামে মিডল্যান্ড ব্যাংকে ১৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ১৭ টাকা ও প্রিমিয়ার ব্যাংকে ৮ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৫৭৮ টাকাসহ মোট ২৬ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৫৯৫ টাকা রয়েছে।
অন্যদিকে ছেলে কাজী ওমর জাফরের নামে তিন ব্যাংকে মোট ৩০ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৯৫৬ টাকা এবং অপর ছেলে কাজী রায়হান জাফরের নামে দুই ব্যাংকে ২৩ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ২৪৯ টাকা ও ১ লাখ ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার পাওয়া গেছে। এছাড়া মেয়ে কাজী আনুশকা মেহরিন জাফরের নামে তিন ব্যাংকে রয়েছে মোট ৩১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ৭০৫ টাকা।
দুদক উল্লেখ করেছে, এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে উল্লিখিত সম্পত্তি ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন দাখিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে কমিশন।