ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সঞ্জনা পান্ডে শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছেন। উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে তার পরবর্তী সিনেমা ‘ভূতনি কা বদলা’-র শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। একটি দৃশ্যের শট দেওয়ার সময় হঠাৎ তার নিজের পোশাকে আগুন লেগে যায়।
ঘটনার বর্ণনায় অভিনেত্রী জানান, সঠিক পদ্ধতি অনুসরণ করেই দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। কিন্তু শুটিং চলাকালীন বাতাসের গতি বেড়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তার পোশাকে আগুন ধরে যায়।
তবে শুটিং ইউনিটের কলাকুশলীরা সঙ্গে সঙ্গে জল দিয়ে আগুন নিভিয়ে ফেলায় তিনি অক্ষত ও সুস্থ রয়েছেন। এই দুর্ঘটনার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে আগুনের বৃত্তের ভেতরে দেখা যায়।