খুলনার দিঘলিয়ায় নিজ বাড়ির সামনে চা খেতে বের হয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)। রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিম ফরমাইশখানা এলাকার মৃত আ. গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম বাড়ির সামনে চা খাওয়ার সময় একটি ভ্যানে করে দুজন ব্যক্তি সেখানে আসেন। এ সময় তারা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নাসিমকে কী কারণে ও কারা হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান শুরু হয়েছে।