চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যেকোনো উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বন্দর শ্রমিক নেতারা। গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কলোনি এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তারা বলেন, বন্দর রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন কিন্তু এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরের হাতে দেবেন না। বন্দর শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রমিক দল নেতা নুরুল আজিম বলেন, চাকরির কথা তো দূরের বিষয়, জীবন গেলেও এনসিটি কারও হাতে তুলে দেওয়া হবে না। বন্দর নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে শ্রমিকরা সরকারের বাইরে নন, বরং তারা একটি ভুল সিদ্ধান্তের বিরোধিতা করছেন মাত্র।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন এনসিটি ও অন্যান্য টার্মিনাল ইজারা প্রক্রিয়া পুনর্বিবেচনা করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। কেন এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় এটি পরিচালনার পক্ষে তাদের যুক্তি কী, সরকারকে তা শ্রমিকদের কাছে ব্যাখ্যা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, বিষয়টি শুধু বন্দর শ্রমিকদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়, এর প্রভাব দেশের বৃহত্তর অর্থনীতিতেও পড়তে পারে। সরকারের পক্ষ থেকে সাড়া না পেলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়ে আগামী ৭ অক্টোবর মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি এবং রোববার মানববন্ধনে শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।