সাভারে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো 'দক্ষিণ রাজাসন লালটেক রমজান মসজিদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সাভারের বাবুর মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে আবির একাদশকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় ইনায়া একাদশ। টুর্নামেন্ট শেষে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ইনায়া একাদশকে ১০ হাজার টাকা এবং রানার্সআপ দল আবির একাদশকে ৫ হাজার টাকার অর্থপুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। এডভোকেট শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোশারফ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শিল্পী আক্তার শিলা। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএ টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন, হাজী মুক্তার, আব্দুস সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন মোল্লা বলেন, যুবসমাজকে মাদকমুক্ত ও সুপথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ সময় তিনি সাভার পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী আক্তার শিলা তরুণদের নিয়মিত খেলাধুলার চর্চা বজায় রাখার পাশাপাশি সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধু রাজনৈতিক নেতাকর্মী বা জনপ্রতিনিধিদের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠজুড়ে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ইনায়া একাদশের চমকপ্রদ ৪-১ গোলের জয়ের মধ্য দিয়েই টুর্নামেন্টের সফল পর্দা নামল।