জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন ইভ্যাট সিস্টেমে দাখিলের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর কোনো ধরনের জরিমানা আরোপ করা হবে না। বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের পক্ষ থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির পর রিটার্ন দাখিলের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন নির্ধারিত সময়ে ইভ্যাট সিস্টেমে জমা দেয়নি।
উদ্ভূত পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপ-ধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্ন অবশ্যই ইভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।