রাজধানীর মোহাম্মদপুরের সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের একটি ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটের পর আসাদ অ্যাভিনিউয়ের ওয়াসা ভবনের সামনে অবস্থিত চার্চ থেকে ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পাওয়ার পর পুলিশের একাধিক দল চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
পুলিশের অভিযانيর মুখে চোরেরা জাকির হোসেন রোডের ডাস্টবিনের পাশে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়। চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ থাকার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে উদ্ধার করা ঘণ্টাটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।