অমর কৌশিক নির্মিত আলোচিত সিনেমা ‘স্ত্রী টু’ বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পর এবার আসছে এর তৃতীয় কিস্তি। ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়া ৭৮.১৯ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ সিনেমা বিশ্বব্যাপী ৮৫৭ কোটি রুপির বেশি আয় করে। সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও এবং ‘আজ কি রাত’ গানে নেচে ঝড় তোলেন তামান্না ভাটিয়া।
অপেক্ষার অবসান ঘটিয়ে প্রযোজক দিনেশ ভিজান সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, ‘স্ত্রী থ্রি’ সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পাবে। তিনি জানান যে সিনেমাটির চিত্রনাট্যের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে পরিচালক অমর কৌশিকের পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে তিনি অপারগতা প্রকাশ করেন।
পরিচালক অমর কৌশিক ‘মহাবতার’ সিনেমার কাজ শেষ করার পর ‘স্ত্রী থ্রি’-এর কাজে হাত দেবেন। ভগবান পরশুরামের কাহিনি অবলম্বনে তৈরি হতে যাওয়া ‘মহাবতার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। জানুয়ারির শেষ দিকে এর শুটিং শুরু হয়ে জুনে শেষ হবে এবং আগামী বছরের শেষ দিকে ‘স্ত্রী থ্রি’-এর শুটিং শুরু হবে।
‘স্ত্রী থ্রি’ সিনেমায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অক্ষয় কুমারেরও ফেরার কথা রয়েছে। তবে পূর্বের মতো নতুন কিস্তিতে তামান্না ভাটিয়া থাকবেন কি না, তা জানাননি প্রযোজক দিনেশ। সিনেমাটি স্বাধীনতা দিবস কিংবা বড়দিনের সময় মুক্তি পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।