পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচারের অভিযোগে রবিন বিশ্বাস নামে এক ১৭ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীকে আটকের এই ঘটনায় পুরো এলাকায় নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে সাড়ে চারটার দিকে আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে রবিনকে আটক করা হয়। রবিন ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামে এবং তার বাবার নাম মো. গাজী বিশ্বাস।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের সূত্রে জানা যায়, সম্প্রতি রবিন শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচার করেছিল। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী বিদ্যালয়ে গিয়ে তাকে বের করে নেওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষকদের বাধায় তারা ব্যর্থ হয়ে চলে যান এবং এর কিছুক্ষণ পরেই আমিনপুর থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে ক্লাস শেষে রবিনকে আটক করে থানায় নিয়ে যায়।
আমিনপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, রবিন নিজেই শেখ হাসিনার জন্মদিন পালন করে তা ফেসবুকে প্রচার করেছে এবং যথেষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরবর্তীতে থানায় থাকা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে পুলিশের এই বক্তব্যের বিষয়ে রবিনের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।