মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের মূল্যবান সম্পদ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তাদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি।
আজ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাদ্রাসা প্রধানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে এই সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপাররা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এ সময় প্রতিমন্ত্রী সোহেল মনজুর প্রতিষ্ঠান প্রধানদের ভান্ডারিয়ার কোনো মাদ্রাসার উন্নয়নে বাধা থাকলে তা সরাসরি তাকে জানানোর অনুরোধ করেন। সরকার এবং তার পক্ষ থেকে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
উক্ত সভায় ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।